পবিত্র কোরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করে ন্যায়বিচার, মানবিকতা, শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে পরিচালিত করার পাশাপাশি দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে তাঁদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কারি ও হাফেজরা নিজেদের যোগ্যতা, প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশের মর্যাদা উজ্জ্বল করছেন। তাঁদের এই অর্জন বাংলাদেশের জন্য গর্ব ও সম্মানের বিষয়। এ ধারাকে আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিক মানের কোরআনিক শিক্ষা, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রতিভাবান কারি ও হাফেজ তৈরিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের শিক্ষা গভীরভাবে প্রোথিত। তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কোরআনের ন্যায়নীতি ও মানবকল্যাণের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার দেশ। সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা এবং নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা একটি শান্তিপূর্ণ রাষ্ট্রের অন্যতম ভিত্তি।
তিনি মহানবী (সা.)-এর প্রতিষ্ঠিত মানবিক সমাজব্যবস্থা ও বিভিন্ন ধর্মাবলম্বীর পারস্পরিক অধিকার রক্ষার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সেই আদর্শ অনুসরণ করে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সম্মান সর্বোচ্চ গুরুত্ব পাবে।
এ সময় তিনি দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলামি মূল্যবোধ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বিভাজন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি কোনো সমাজের স্থায়ী কল্যাণ বয়ে আনতে পারে না। অতীতের স্বৈরাচার, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি ঠেকাতে জাতীয় ঐক্য, সচেতনতা ও সতর্কতা বজায় রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ হতে পারে সঠিক পথের নির্দেশনা।
অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী দক্ষ কারি ও হাফেজ তৈরিতেও প্রতিষ্ঠানটির উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, নতুন প্রতিভা অন্বেষণ এবং কারি ও হাফেজদের দক্ষতা উন্নয়নে সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।
আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, সংস্থাটির হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফসহ দেশি-বিদেশি বিশিষ্ট আলেম, কারি ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তব্যের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কারি ও অতিথিদের শুভেচ্ছা জানান। পরে তিনি আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।