সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা এবং এর আইনগত গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পরে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও তাঁর বক্তব্যের বিষয়টি তুলে ধরা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদন করার খবর তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছেন এবং শুনেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারেননি। আবেদনটি আদৌ করা হয়েছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।
তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আইনগত অধিকার রয়েছে কি না, আবেদন যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়া হয়েছে কি না এবং প্রচলিত আইনে এর ভিত্তি কী—এসব দিক পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডিত কোনো ব্যক্তি অন্য দেশে অবস্থান করলে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তাঁকে ফেরত আনার উদ্যোগ বাস্তবায়ন করা যায়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পতিত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বাস ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে।