রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্যেই একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা দেখতে পান তিনি।
আজ বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, জীবনে সফল হতে হলে বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের যথাযথ সম্মান করতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ত্যাগ ও অবদান সবসময় স্মরণে রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যদি নিজেদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে দেশের মানুষের প্রত্যাশাও বাস্তবায়িত হবে।
রাষ্ট্রপতি বঙ্গভবনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি কেবল একটি ভবন নয়; বরং রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র, বঙ্গভবন ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি করতেই এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইতিহাস ও প্রশাসনিক ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি নতুন নতুন উদ্ভাবন, সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তরুণদের উৎসাহিত করেন।এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।