সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. শরিফুল ইসলাম গাজী (৪০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। এ ঘটনায় গণপিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হয়। সে একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে। রবিবার (২০ জুলাই) বিকাল ৩ টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে। তালা থানার খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩ টার দিকে খাওয়া দাওয়া সেরে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পিছন দিক থেকে গাছ কাঁটা দা দিয়ে কোপ দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, শাহাপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এসময় আকস্মিক সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে,ঘটনার তদন্ত চলছে।