রাত পোহালে দেশের ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহন শুরু হবে। মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে দেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোট দেবেন তিন কোটি ৫২ লাখের বেশি ভোটার। নির্বাচন উপলক্ষে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে সেসব স্থানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামীকাল বন্ধ থাকবে। এ ছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে। নির্বাচন নিয়ে ইসি সূত্র জানায়,মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। ইতিমধ্যে সব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এ ছাড়া ভোলার দুর্গম চর এলাকাসহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় ব্যালটপেপারও পৌঁছে গেছে। এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সমতলে সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স। দুর্গম ও পার্বত্য এলাকায় এই সংখ্যা আরো বেশি। নির্বাচনী আচরণবিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল থেকে ১৫৭ উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোটের আগে ও পরে মোট পাঁচ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
এর আগে গত রবিবার (১৯ মে) আদালতের নির্দেশে মৌলভীবাজার উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠেয় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন-পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। ইতিমধ্যে ২৪ টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে আরো শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যাশা করছেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। তবে, প্রথম ধাপে ৩৬ শতাংশের চেয়ে এই ধাপে বেশি ভোট পড়বে কি না তা মন্তব্য করতে রাজি হন নি কমিশন। এছাড়া ভোটাররা কেন্দ্রে নির্বিঘ্নে এসে পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারছে কি না সেদিকেই মূল নজর দিচ্ছে কমিশন। তবে বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারাই। বিএনপি নির্বাচন বর্জন করলেও তারপরও কিছুটা দ্বন্দ্ব সংঘাত ঘটেছে এই ধাপের নির্বাচনে। এদিকে স্থানীয় প্রতিনিধিদের বরাতে জানা যায়, বিএনপি দলীয়ভাবে বর্জন করলেও দ্বিতীয় ধাপেও বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে অন্তত ৬৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ২৯ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন ২০ জন এবং আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৭ জন। এই ধাপের ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে বেশিসংখ্যক অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসারের প্রায় তিন লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের চাহিদা অনুযায়ী ১৬টি উপজেলায় নির্দিষ্ট হারের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।