শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিলের ট্রাইব্যুনাল। তবে কতদিনের জামিন দেওয়া হয়েছে, সে ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে। আদালত মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ১৬ এপ্রিল। রোববার শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে বেলা সোয়া ১টার দিকে আদালত এলাকায় এসে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আদালতের বিপরীত দিকে অবস্থিত স্টার হোটেলে নাস্তা করেন। এসময় তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আদালত এলাকায় এসে পৌঁছেছি। আদালতের সিগনাল পেলেই আদালতে প্রবেশ করব। এদিন সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন।