রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪১ লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ৩৮ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে এ কথা জানান ঢাকা জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।এরআগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।বহুতল ভবনের একটি ফ্লোরে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এরপরই আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। রেস্টুরেন্টে আসা শতাধিক মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বাঁচাও বাঁচাও চিৎকারে সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভবনে আটকা পড়ে যায় খেতে আসা মানুষ। আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে কাজ করতে বেগ পেতে হয়েছে। এতে নারীসহ ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই ভবন থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, র্যাব। মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি ও আনসার। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আহত ১২ জনের কেউই শঙ্কা মুক্ত নয়। প্রধানমন্ত্রী আহতের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, এই পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ৩৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। আগুনের ঘটনা অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিস, পিবিআই এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সিঁড়িসহ ভবনটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।