রাজধানী ও আশপাশের এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বেলা ১১টায় র্যাব-১ উত্তরা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার (সিও) (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন । র্যাব জানায়, আটক ব্যক্তিরা কিশোর গ্যাং-জিরো জিরো সেভেন গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন গ্রুপের সদস্য। এদের মধ্যে ০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন, জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব, বাবা গ্রুপের দলনেতা সাদ, ভোল্টেজ গ্রুপের মনা, ডি কোম্পানি (লন্ডন পাপ্পু চালায়) আকাশ ও আমির হোসেন গ্রুপ’ জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর। গ্রেফতার অন্যরা হলো- রাসেল, আরাফাত, রবিন, আল-আমিন, ইসলাম, জুয়েল, রবিউল, মুরাদ, মাহাবুব, সাদ, রোহান, মনা, হৃদয়, ওবায়েদ, জিসান, আকাশ, ঈমন, রমজান, সজিব, শাকিব, রাজিব, আমির হোসেন, শাহজাহান সাজু ওরফে রাসেল, জিলাদ মিয়া, হৃদয়, আ. রায়হান, বাবু মিয়া, শাহজাহান, জালাল মিয়া, লামিম মিয়া, রাকিব, হিরা মিয়া, ইমরুল হাসান, সাকিন সরকার রাব্বি, সুজন মিয়া, খাইরুল ও রাহাত। র্যাব জানায়, র্যাব-১ এর একাধিক দল বৃহস্পতিবার দিবাগত রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসব কিশোর গ্যাং গ্রুপের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইল, ১টি ব্লেড, ১টি কুড়াল, ১টি পাওয়ার ব্যাংক, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, ১টি হাতুড়ি, ১টি মোটরসাইকেল এবং নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, এরা প্রত্যেকেই গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। প্রত্যেক গ্রুপের আনুমানিক সদস্য ১০-১৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে অকপটে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এসময় কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা কারা, তাদের লাভ কী?- এমন প্রশ্নের জবাবে র্যাব-১ এর অধিনায়ক বলেন, আপনারা জানেন কিশোর গ্যাং গ্রুপের দলনেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কিশোর বয়স ফলে এলাকায় আধিপত্য বিস্তার করতে এটা তারা করে। বিশেষ করে কিছু ব্যক্তি তাদের ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা মদদদাতাদের হয়ে মারামারি করে। অনেকেই এই গ্রুপের সদস্যদের মূলত হাতিয়ার হিসেবে ব্যবহার করে এমন তথ্য আমরা পেয়েছি। তাদের হয়ে কাজ করার কারণে অপরাধ করে শেল্টার পায়। যারা তাদের নানাভাবে মদদদাতা হিসেবে কাজ তাদেরও আইনের আওতায় আনা হবে। কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন সময় রাজনৈতিক মিছিল মিটিংয়ে দেখা যায়। এসব মদদদাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলতে চাই অপরাধীদের কোনো দল বা ঠিকানা থাকতে পারে না। তাদের কোনো পরিচয় বিষয় না। তারা কার হয়ে কাজ করে সেটিও বিবেচ্য বিষয় নয়। কোনো অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হয়।উল্লেখ গতকাল বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।