রাত পোহালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। রাত পোহালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এটা আমাদের এক বেদনা দায়ক দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এদিনে বিনম্র শ্রদ্ধা আর পরম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তারা। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে, আমাদের শ্রেষ্ঠ সন্তানদের ওপর চালানো
এই হত্যাযোগ্য কে আমরা ঘৃণা জানাই। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি নেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে যেসব দিবস পালনের প্রস্তাব দেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগ সেগুলোর গুরুত্ব বিবেচনা করে তিনটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। তবে ১৯৭২ সাল থেকে প্রথাগতভাবে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এ সরকারের আমলে নির্মিত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই দিবসটি সরকারি গেজেটে না থাকার বিষয়টিতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন শিগগিরই বুদ্ধিজীবী দিবসটি গেজেটে অন্তর্ভুক্ত করে তা প্রকাশ করা হবে।ডিসেম্বর মাস বাঙালির জাতীয় জীবনে যেমন পরম প্রাপ্তি ও অনন্য গৌরবে উজ্জ্বল, তেমনই মর্মান্তিকতায় আচ্ছন্ন। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনাময় স্মৃতি নিয়েই প্রতিবছর উপনীত হয় ১৪ ডিসেম্বর। গভীর শ্রদ্ধায় এই দিনটিতে স্মরণ করা হয় জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের। যারা তাদের জীবন চিরতরে উৎসর্গ করে গিয়েছেন এদেশের ভবিষ্যৎ ও মহান স্বাধীনতার জন্য।বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করে। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে নিঃশেষ করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়।দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। এ বিষয়ে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পুত্র ও জেনোসাইড স্কলার ড: তৌহীদ রেজা নূর বলেন, একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান জানাতে রাষ্ট্র, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী গবেষণামূলক ও প্রচারণামুলক কর্মকান্ড রাখা দরকার। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা কাজে আগ্রহী তরুণদের ব্যাপকহারে যুক্ত করা দরকার, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্নদানের প্রসংগটিও গুরুত্বের সাথে উপস্থাপন করা হবে। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ অবদান সম্পর্কে জানাতে এবং কি কারণে, কাদের দ্বারা, কিভাবে তাঁরা সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন - সে সম্পর্কে তরুণ প্রজন্মকে সুস্পষ্টভাবে অবহিত করতে হবে। নানা ধরণের সহজগম্য ও সহজবোধ্য উপায় সুনিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মকে এ ব্যাপারে সজাগ করতে হবে, যাতে তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে জানতে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ও মর্যাদা দিতে শেখে। শহীদ হিরণ্য কুমার দত্তের পুত্র প্রকৌশলী জেনোসাইড গবেষক প্রদীপ কুমার দত্ত বলেন, শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের সঠিক তালিকা তৈরির পাশাপাশি, তাঁদের সম্পর্কে তাঁদের এলাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে তাঁদের পরিচিতি ও কীর্তি সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে হবে এবং তাঁদের প্রতি নিয়মিত শ্রদ্ধা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে এ বিষয়ে নিয়মিত চর্চা ও সঠিক প্রচারণার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। জেনোসাইড স্কলার তৌহীদ বলেন, এই কাজটি এককভাবে সরকারের যেমন নয়, তেমনি শুধু বেসরকারী প্রতিষ্ঠানেরও নয়। এই কাজ করতে রাষ্ট্রের সকলকেই একক ছায়াতলে এসে নানা ধরণের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয়, সরকারী, বেসরকারী, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সকলের সমন্বিতভাবে এবং কখনো কখনো এককভাবে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত
জরুরী।আসিফ মুনীর অগ্রাধিকারের ভিত্তিতে এবং সঠিক যাচাইয়ের মাধ্যমে বর্তমান সংজ্ঞা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের তালিকা চূড়ান্ত করা ও গেজেটভুক্ত করার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন। ‘শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন কমিটি’র আহ্বাহক পদ্মশ্রী-প্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতিক বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজটি খুব সহজ নয়। আমরা চিনিনা, সেরকম অনেক শহীদ বুদ্ধিজীবী গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন- যাঁদের নামও হয়তো অনেকে ভুলে গেছে, তাঁদের খুঁজে বের করা, যাচাই-বাছাই করে কারণ ও সত্যতা যাচাই করার পর, তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে। তিনি জানান, ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীদের ২টি তালিকা তৈরি ও গেজেট প্রকাশ করা হয়েছে। শিগগিরই আরো একটি গেজেট প্রকাশ করা হবে। উল্লেখ,মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী,অধ্যাপক গিয়াস উদ্দিন,অধ্যাপক আনোয়ার পাশা,অধ্যাপক রশীদুল হাসান, ড.আবুল খায়ের,ড.মুর্তজা,সাংবাদিক খন্দকারআবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে।জাতির মহান এই শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।