ঢাকার প্রবেশমুখে শনিবার বিএনপি এবং যুবলীগ পালটাপালটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। তবে পুলিশ কাউকে রাস্তা বন্ধ করতে দেবে না। জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার তিনি বলেন, আমরা কাউকেই ঢাকার প্রবেশপথে কর্মসূচি পালনের অনুমতি দিইনি। তাই রাস্তাঘাট অবরোধ করতে দেব না। রাস্তাঘাট সচল রাখব। এটাই আমাদের আপাতত সিদ্ধান্ত। এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশমুখে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ।এছাড়া শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থানের একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো।শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে।যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা জানান, শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর, শনির আখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ।