আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। শনিবার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন।এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অঢেল সম্পদের মালিক। রয়েছে স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকে তারকা।গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ফলে অনেকে মনে করছেন অন্য কিছু। এবিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। হিরো আলম বলেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয়ে ডিএমপির ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছি। তিনি অনেক আন্তরিক। আর আমার কথাগুলো খুবই গুরত্বসহ দেখবেন বলে জানিয়েছেন।