মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ‘এল ভেনাদিটো’ নামক নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।সোমবার মেক্সিকান পুলিশ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারি অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।এএফপি বলছে, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন আরও দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।‘এল ভেনাদিটো’ নামক এই বারটি জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এ পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং নাইটক্লাবের গ্রাহকরাও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।মেক্সিকোর সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস প্রদেশে এ ধরনের সহিংসতায় ৯৪৮ জন নিহত হয়েছিলেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিনশো বেশি।এএফপি বলছে, মাদক চোরাকারবারের জন্য মেক্সিকো কুখ্যাত। ২০০৬ সালে সরকার মাদক কারবারিদের দমনে কেন্দ্রীয় সেনাদের নামানোর পর মাদক সংশ্লিষ্ট সহিংসতায় দেশজুড়ে তিন লাখ ৪০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।