কাতার বিশ্বকাপে কে হাসবেন শেষ হাসী এ প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন মেসি ভক্তরা। ১৯৮৬ থেকে ২০২২, ৩৬ বছর ধরে অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা। সেই-যে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্সে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল আলবিসেলেস্তেরা, এরপর শুধুই একবুক আশা নিয়ে বিশ্বমঞ্চে যাওয়া আর বুকভাঙা কষ্ট নিয়ে ফেরার গল্প। আরও একটা বিশ্বকাপ শেষের পথে । আরও একবার আশায় বুক বেঁধেছেন আর্জেন্টাইন সমর্থকরা। ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা পারবে দীর্ঘখরা ঘোচাতে? এবার বিশ্বকাপ ফ্রান্স কে হারিয়ে মেসি হাতে বিশ্বকাপ দেখতে চায় আর্জেন্টাইন সমর্থকরা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুর্দান্ত এই জয়ের পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন এখনো একধাপ বাকি আছে। এখনই আনন্দ না করে ফাইনালের জন্য মনোনিবেশ করতে খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন তিনি। অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেবার পর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হুুলিয়ান আলভারেজকে আরো দুই গোল করতে বল যোগান দিয়েছেন। বলা যায় যে মেসির জন্য পুরো আর্জেন্টিনা আজ উজ্জীবিত, সেই এলএম টেন সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এই মুহূর্তে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফর্মে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দলও। কিন্তু আর্জেন্টিনা বা মেসি- কাউকে মোটেই পাত্তা দিতে রাজি নন ফ্রান্সের হার্নান্দেজ। ফাইনালের আগে হার্নান্দেজ জানিয়ে দিলেন, ‘এখন আমাদের ফাইনাল নিয়ে ভাবতে হবে। আগামী রবিবারের জন্য ফিট হয়ে উঠতে হবে। আমরা মেসিকে ভয় পাই না। জানি, আর্জেন্টিনা একটি অসাধারণ ফুটবল দল। তবে আমরাও নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত থাকব।’ প্রসঙ্গত, ফ্রান্স ফুটবল দল ইতিমধ্যেই অনন্য কৃতিত্বের সামনে দাঁড়িয়ে রয়েছে। আগামী রবিবার হতে চলা বিশ্বকাপ ফাইনাল যদি তাঁরা জিতে নেয়, তাহলে ব্রাজিলের পর এই প্রথম ফ্রান্স পরপর দুবার ফুটবল বিশ্বকাপ জয় করবে। ২০১৮ সালের পর তাঁরা আবারও ফাইনালে উঠেছে। অন্যদিকে আর্জেন্টিনা শেষ বার ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। যদিও তাঁরা বিজয়ী হয়নি। কিন্তু এবার যে তারা জয়ের জন্য মরিয়া সে কথা নিঃসন্দেহে বলা যায়। সারা বিশ্বের নজর এই মুহূর্তে আগামী রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিকে। আর্জেন্টিনা না ফ্রান্স – কার হাতে বিশ্বকাপ উঠবে, তা দেখার জন্য এখন অপেক্ষা সবার।
কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা অপরাজিত আছে টানা ৩৫ ম্যাচ। এই অপরাজেয় যাত্রা আর দুই ম্যাচ চললে তারা ছুঁয়ে ফেলবে ইতালির গড়া বিশ্বরেকর্ড। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১-এর জুনে স্পেনের বিপক্ষে হারার আগে টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আর্জেন্টিনার এই দলটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণে গড়া দলটির অবিসংবাদিত নেতা লিওনেল মেসি। তিনিই দলের জিয়নকাঠি। একসময় জাতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠ নয় বলে সমালোচনার শিকার হওয়া মেসির সঙ্গে সতীর্থদের সম্পর্ক এখন খুবই ভালো। মাঠের খেলায়ও যার প্রমাণ মেলে। অধিনায়ক মেসির জন্য নিজেদের উজাড় করে দিয়ে খেলেন রদ্রিগো ডি পল-লিয়ান্দ্রো পারাদেসরা।