বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি। শ্রমিক আছে বলে উন্নয়নের চাকা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝরা শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন নির্যাতন-নিপীড়ন করে শ্রমিকদের সর্বস্বান্ত করেছে।এমনকি ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল শ্রমিক নেতাদের। গতকাল দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫তম ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শাজাহান খান বলেন, বিএনপির আমলে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, হাজি ইয়াকুবসহ শ্রমিকদের গ্রেপ্তার করে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমিকদের সম্মান করে সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন।তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী শ্রমিক ও মালিকদের এক হাজার বাস-ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছিল, তিন হাজার ভাঙচুর করা হয়েছিল। শ্রমিককে হত্যা করা হয়েছে। অনেক শ্রমিক এখনো পঙ্গু হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মালিক-শ্রমিককে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী গার্মেন্ট শ্রমিক, চা শ্রমিক, মোটর-ট্রাক শ্রমিকসহ সকল শ্রমিকের বেতন-ভাতা ও নিয়োগপত্র প্রদানের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের পক্ষে আজ শ্রম অধিদপ্তর কাজ করছে।জয় বাংলা স্লোগানকে বিএনপি বিদায় করে দিয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, জয় বাংলা ধ্বনি বাংলার মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। তাই জয় বাংলা আজ মানুষের হৃদয়ে রয়েছে। বিশ্বনবী মক্কা জয় করার পর স্লোগান দিয়েছিলেন, ফাতুল-ফাতুল-ফাতুল। এর অর্থ হলো জয়।বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ভয়াবহ করোনার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবন বাঁচাতে রোগ প্রতিরোধ করার জন্য প্রত্যেক শ্রমিককে এবং তাদের বাবা-মা ও সন্তানদের বিনা মূল্যে করোনা টিকা দিয়েছেন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের সন্তানদের বিনা পয়সায় পড়ালেখা করার জন্য তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে বই দিয়েছেন, পড়ালেখা ফ্রি করে দিয়েছেন।হুইপ ইকবালুর রহিম ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে।সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারীর সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার।এ ছাড়া আরো বক্তব্য দেন বিআরটিএর সহকারী পরিচালক কাফিউল হাসান মৃধা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক এম এ মজিদ, গাইবান্দা জেলা ট্রাক ও ট্যাংক-লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, গাইবান্ধা ট্রাক ও ট্যাংক-লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেনসহ অনেকে। সভা শেষে ২৪ জন মৃত শ্রমিক পরিবারের মধ্যে ১৩ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও চারজন পঙ্গু শ্রমিককে দুই লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।