বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন ভবিষ্যতে চট্টগ্রাম একটি শিল্পকেন্দ্রে পরিণত হবে । শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউয়ে জাপান-বাংলাদেশ কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।ইতো নাওকি বলেছেন, মাতারবাড়ী বন্দর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম পাওয়ার গ্রিড শক্তিশালীকরণসহ চলমান প্রকল্পগুলো শেষে চট্টগ্রাম একটি শিল্পকেন্দ্রে পরিণত হবে। চট্টগ্রাম এমন একটি শহর, যা জাপান থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করে চলেছে এবং বাংলাদেশের অর্থনীতির আরো প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।জাপান রাষ্ট্রদূত আরো বলেন, ৫০ বছর ধরে জাপান বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে।নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুই দেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইতো নাওকি।চট্টগ্রাম অটস অ্যালামনাই সোসাইটির (সিএএএস) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি এন্ডো (আনন্দ), জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটর ইছি গুছি তমোহিদে, এওটিএস অ্যাডভাইজার ড. এ কে এম মোয়াজ্জেম হোসাইন বক্তব্য দেন। এ ছাড়াও এওটিএস প্রেসিডেন্ট শিনইয়া কুওয়ামা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর আমের আলী হুসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সিএএএস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইর বলেন, ‘জাপান আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ। দুই দেশের কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। জাপানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে সিএএএস ও নিপ্পন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল বক্তা হিসেবে জাপানে স্টাডি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রামে জাপানের সাবেক কনস্যুলার জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম। জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারায় অন্য সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম উদ্দিন এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশ প্রতিনিধি ইউজি এন্ডো (আনন্দ) বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন। উভয় সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিএএএসের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর।